ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৬:৪৯

বগুড়ায় রাস্তার উপর দুবৃর্ত্তরা প্রকাশ্যে শাকিল আহম্মেদ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-গাবতলী সড়কের শহরের আকাশ তারা এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহত শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার নামে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শুক্রতার জের ধরে এবং ওই এলাকায় জুয়ার টাকার ভাগবাটোয়াসহ পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাকিল ধাওয়া পাড়া ও নারুলী এলাকায় বালু ব্যবসার পাশাপাশি জুয়ার আসরও নিয়ন্ত্রণ করে আসছিল।

স্থানীয়রা আরও জানান, শাকিলের সাথে একই এলাকার আল আমিন নামের এক যুবকের বিরোধ দীর্ঘ দিনের। কয়েক বছর আগে আল আমিনকে পুলিশ অস্ত্রসহ আটক করে। আর এই সুযোগে শাকিল আল আমিনের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আল আমিন জামিনে বের হওয়ার পর তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছে।

এছাড়া সম্প্রতি নারুলী এলাকায় জুয়ার আসর থেকে শাকিল ৩০ হাজার টাকা চাঁদা নেয়। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তার সহযোগীদের সাথে বিরোধ দেখা দেয়। শুক্রবার ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে শাওন ও হাবিব নামের দুইজনকে মারধর করতে থাকে।

এসময় তাদের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া)  সনাতন চক্রবর্তী জানান, হত্যার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। শাকিলের নামে ২ হত্যাসহ একাধিক মামলা আছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

×