নারায়ণগঞ্জে যুবলীগ নেতার বাবার পিটুনিতে বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৮:০৩
নারায়ণগঞ্জে পাওনা সাড়ে তিন হাজার টাকার দাবিতে জেলা যুবলীগের এক নেতার বাবার পিটুনিকে সিরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নগরের জেলা পরিষদ ডাক বাংলোর কাছে সিরাজুল ইসলামকে একা পেয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন অভিযুক্ত শাহজাহান। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামতলার বাসায় পৌঁছে দেয়। শুক্রবার বিকেলে বাসায় তার মৃত্যু হয়।
অভিযুক্ত শাহজাহান নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহর বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
নিহত সিরাজুল ইসলামের মেয়ের জামাতা গিয়াসউদ্দিন জানান, ৭-৮ বছর আগে তার শ্বশুর শাহজাহানের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সেখান থেকে চলে আসার পর শাহজাহান তার কাছে ৩ হাজার ৬০০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে বলে দাবি করেন। পরে দুই দফায় শাহজাহানকে বিদ্যুৎ বিল ওই টাকা পরিশোধ করেন সিরাজ। কিন্তু বিদ্যুৎ বিল বিলম্বে দেওয়ায় জরিমানা হিসেবে এরপর আরও ৩ হাজার ৬০০ টাকা পাওনা দাবি করেন তিনি। বৃদ্ধ সিরাজুল ইসলাম ওই টাকা দিতে রাজি হননি। এরপর বৃহস্পতিবার জোহরের নামাজ পড়ে সিরাজ পাশের একটি দোকানে যান। সেখানে শাহজাহানের বাড়ির দারোয়ান তাকে আটক করেন এবং মোবাইলে শাহজাহানকে খবর দেন। শাহজাহান বাড়ির ভেতর থেকে একটি বাঁশ নিয়ে এসেই এলোপাতাড়ি সিরাজকে মারধর শুরু করেন। দারোয়ান ও শাহজাহনের প্রহারে সিরাজ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে রেখে তারা চলে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জামতলার হাজি ব্রাদার্স সড়কের ভাড়া বাসায় পৌঁছে দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে শাহজাহানের ছোট মেয়ে অ্যাডভোকেট উম্মে হাবিবা মুক্তা ও বড় মেয়ে মুন্নি আহত সিরাজুল ইসলামের বাসায় যান। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা না নেওয়ার জন্য শাসিয়ে যান এবং সিরাজের চিকিৎসার সব খরচ তারা বহন করবেন বলে আশ্বাস দিয়ে আসেন। এরপর শুক্রবার বিকেলে বাড়িতেই মারা যান সিরাজুল।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- মারধর
- বৃদ্ধের মৃত্যু
- নারায়ণগঞ্জ