সিরাজদীখানে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৯:৩৭
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার গ্রামে শুক্রবার সন্ধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। তিনি শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে। গত ৬ জুন তার নমুনা সংগ্রহ করার পর ৮ জুন করোনা শনাক্ত হয়। এরপর ৯ জুন তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে সিরাজদীখানে বর্তমানে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ জন ।
স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান আরো জানান, সিরাজদীখানে মাসিক আমাদের বিক্রমপুর নামের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং তার স্ত্রীসহ নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ জুন পাঠানো নমুনায় ১১ জন পুরুষ ও ৭ জন নারীর দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিরাজদীখানে মোট আক্রান্তের সংখ্যা ২১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৬ জন।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- সিরাজদীখান
- করোনাভাইরাস