সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:০২
সুনামগঞ্জের একদিনে সর্বোচ্চ ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩৪ জন, ছাতক উপজেলার ১৯ জন, জামালগঞ্জ উপজেলার ২ জন, শাল্লা উপজেলার ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলার ২ জন। সুনামগঞ্জ সদরে সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার, একজন নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী এবং সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন স্বাস্থ্য সহকারী, ২ জন স্বাস্থ্য পরিদর্শক , ২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও একজন কমিউনিটি হেলথ প্রোভাইডার রয়েছেন।
এর আগে বিকালে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন।
রোববার এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হলেন ৯২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫২৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন।
- বিষয় :
- সুনামগঞ্জ
- করোনাভাইরাস