ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁয় ২ পুলিশসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

নওগাঁয় ২ পুলিশসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০১:২২

নওগাঁয় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ পুলিশসহ নতুন করে আরো ১৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২শ জন। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়েছেন। এদিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা একদিনে ১৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে ২১৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১৩টি নমুনার ফলাফল পজিটিভ। নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলার ২ পুলিশ সদস্যসহ সাতজন, বদলগাছী উপজেলায় চারজন, সাপাহারে একজন এবং মহাদেবপুর উপজেলায় একজন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এরমধ্যে বদলগাছী উপজেলায় একই পরিবারের তিনজনসহ দুই বছর বয়সী এক শিশু রয়েছে।

সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজআজামান আলাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ১৩৩ জনকে। তাদের মধ্যে সদর উপজেলায় ৫৮ জন, মহাদেবপুর উপজেলায় ১২ জন, মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ২৪ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ৯ জন এবং পোরশা উপজেলায় ১০ জন। 

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল। এরপর এক-দুজন করে রোগীর সংখ্যা বাড়তে বাড়তে দেড় মাসে এই সংখ্যা ২০০ ছাড়াল। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় এখন পর্যন্ত ৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরপরই রানীনগর উপজেলায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোয়ারেনটাইনে পাঠানো হয় ৮ হাজার ৮শ ৯৫ জনকে। গত ২৪ ঘণ্টায় জেলায়  ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬০ জনকে। এ পর্যন্ত জেলায় মোট ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ৬শ ৫৩ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৪২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। 

শনিবার পর্যন্ত ৪ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা জন্য রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব ও ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৬০০ জনের।

আরও পড়ুন

×