ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার এলাকা লকডাউন
ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল বন্ধ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৪:২৯
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩টি ওয়ার্ডের চারটি এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার রাত ১২টা থেকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পাইকপাড়া ও কালাইশ্রীপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮নং ওয়ার্ডের কাজীপাড়াকে লকডাউন ঘোষণা করা হয়।
রোববার সকাল থেকেই লকডাউন করা এলাকায় ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই সব এলাকা থেকে কেউ বের হতে বা ঢুকতে পারছেন না। তবে জরুরি পরিসেবা যেমন- চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ, সরবরাহ ও গণমাধ্যম কর্মীরা এর আওতার বাইরে থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী ২৭ জুন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
এদিকে, লকডাউন করার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং সব এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩টি ওয়ার্ডের ৪টি এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার রাত ১২টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। এ ব্যাপারে শহরে মাইকিং করা হয়েছে। যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি জানান, লকডাউনকৃত এলাকায় জরুরি সেবার পরিবহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সব এলাকায় ফার্মেসি, মুদি দোকান ও কাঁচাবাজার নিয়ম মেনে খোলা থাকবে।
উল্লেখ্য, সদর উপজেলায় শনিবার পর্যন্ত ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা জেলায় আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ। এর মধ্যে ওই চার এলাকায় বেশি লোক আক্রান্ত হয়েছেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- করোনা সংক্রমণ
- লকডাউন