ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সব জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স চালু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স চালু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
×

আসাদুজ্জামান খাঁন কামাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৫:২৬ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০৫:৩৬

সব জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে ঢাকা থেকে অনলাইনে খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি। 

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এর ফলে উপকারভোগীরা লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাজ ঘরে বসে করতে পারবেন। তেমনি সব আগ্নেয়াস্ত্রের একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে এসব আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয় তদারকি করতে পারবেন। সব জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম চালু হবে।

অনুষ্ঠানে ঢাকা থেকে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে খুলনা সিটি মেয়র আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করেন। খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স ২ হাজার ৫৬১টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭৭টি আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করা হবে।



আরও পড়ুন

×