বগুড়ায় যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা
আবু তালেব
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৫:৫০
বগুড়ায় আবু তালেব (৩২) নামের এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বগুড়া-গাবতলী রোডের শহরের আকাশতারা এলাকায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
তালেব আকাশতারা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি যুবলীগ সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, পেশায় একজন বালু ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে তালেব সাবগ্রাম থেকে আকাশতারা এলাকায় বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছানোর আগে কয়েকজন দুর্বৃত্ত তাকে রাম দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে ফেলে রেখে যায়। ঘনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, তালেব পেশায় বালু ব্যবসায়ী ছিলেন। সাবগ্রাম এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে একাধিক গ্রুপ গড়ে উঠেছে। কয়েক বছরে বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকায় একাধিক খুনের ঘটনাও ঘটেছে। এসবই ঘটেছে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে।
জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, তালেব যুবলীগ সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কিন্তু ওর সঙ্গে কারোও বিরোধ আছে বলে আমার জানা নেই।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, খুনীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে আকাশতারা এলাকায় একই স্থানে দুর্বৃত্তরা শাকিল আহম্মেদ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে।
- বিষয় :
- বগুড়া
- গলাকেটে হত্যা
- যুবলীগ নেতা