দিনাজপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৬:০২
দিনাজপুরের বিরল ও হাকিমপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সুইহারা গ্রামে ফুফা ও খালুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নামে রাণীপুকুর ইউপির রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে মারওয়া সুলতানা (৭) ও একই ইউপির কাজিপাড়া (পূর্বপাড়া) গ্রামের মিজানুর রহমান মিজুর মেয়ে মমিতা খাতুন (৮)।
এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে অনেক দুপুর দেড়টারর দিকে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসী। তারা উভয়েই সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন।
ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন দুই বোনের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ঘটনাটি চেয়ারম্যান আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে। তারা লিখিত দিলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এদিকে সকাল ১০টার দিকে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিরপুর গ্রামে হাবিবুর রহমানের মেয়ে হুমাইরা (৭) ও একই গ্রামের হুমায়ুন কবিরের কন্যা হিমু (৪) বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়।
বিষয়টি এলাকাবাসী দেখে পানি থেকে তাদের উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত বলে ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুস সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- দিনাজপুর