ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পীরগঞ্জে চুরির অভিযোগে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

পীরগঞ্জে চুরির অভিযোগে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২
×

গ্রেপ্তার জিয়াবুল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৬:১২ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০৬:২৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য জহিরুল ইসলাম গুড ও জিয়াবুলকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোরে জহিরুলকে জেলার হরিপুর উপজেলাস্থ তার আত্মীয়ের বাড়ি থেকে র‌্যাব এবং শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে জিয়াবুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে শরিফা খাতুন নামে এক গৃহবধূকে অবৈধ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন একই গ্রামের মোতালেব আলী। ওই গৃহবধূ এ প্রস্তাবে রাজি না হওয়ায় যড়যন্ত্রমূলকভাবে মোবাইল চুরির অভিযোগে তার ছেলে সুমন (১৩) ও ভাতিজা কমিরুলকে (১৬) রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এসময় ওই গৃহবধূ বাধা দিলে তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়। 

এ ব্যাপারে শরিফা খাতুন বাদী হয়ে ৫ জুন উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলী ও জিয়াবুলসহ সাতজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেন। বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করলেও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

শনিবার দুপুরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো. আব্দুল্লাহ্, ওসি প্রদীপ কুমার রায় নির্যাতিতদের বাড়িতে যান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতার আনা হবে বলে ভিকটিমের সদস্যদের আশ্বস্ত করেন।  



আরও পড়ুন

×