ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিলেটে করোনার চিকিৎসায় ‘প্লাজমা থেরাপি’ শুরু

সিলেটে করোনার চিকিৎসায় ‘প্লাজমা থেরাপি’ শুরু
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৬:৫৮

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ‘প্লাজমা থেরাপি’ দেওয়া শুরু হয়েছে। রোববার বেসরকারি নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীকে প্লাজমা দেওয়া হয়। শনিবার নগরীর আরেক বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালের ব্লাড ব্যাংকে করোনা জয়ী একজনের প্লাজমা গ্রহণ করা হয়। এরপর তা নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন একজন চিকিৎসকের করোনা আক্রান্ত বাবার শরীরে দেওয়া হয়।

মাউন্ট এডোরা হাসপাতালের এজিএম ও বিপনন শাখার প্রধান মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

সিলেটে বেসরকারি নর্থইষ্ট মেডিকেল কলেজ ও মাউন্ট এডোরা হাসপাতালে শুধু করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। গত ৮ জুন থেকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। প্রথম ধাপে হাসপাতালটি ৪০ বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দেওয়া শুরু করে। এখানে গুরুতর রোগীদের জন্য আলাদা ৪ বেডের আইসিইউ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে মাউন্ট এডোরায় করোনার উপসর্গ নিয়ে ১৮ জন ভর্তি আছেন।

চলতি মাসের শুরুতে নগরীর উপকন্ঠ চন্ডীপুল চত্বর সংলগ্ন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আরও বড় পরিসরে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া শুরু হয়। নগরীতে সরকারিভাবে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বেসরকারি কয়েকটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে বেশ কয়েকজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর বেসরকারি পর্যায়ে দুটি হাসপাতাল করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে।

আরও পড়ুন

×