পাথরঘাটায় করোনায় সাবেক বন কর্মকর্তার মৃত্যু
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৭:৪৯
বরগুনার পাথরঘাটার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নজরুল ইসলাম নামে বন বিভাগের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
পারিবারিক আইসোলেশনে থাকার ১৯ দিন পর রোববার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিভাগের দায়িত্বে থাকা ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মমিন উদ্দিনের ছেলে।
ডা. মেহেদী হাসান জানান, পাথরঘাটা পৌরশহরের জুতা ব্যবসায়ী মিজানুর রহমান নজরুলের জামাতা। তিনি ১৭ দিন আগে ব্যবসায়িক কাজে ঢাকা গিয়েছিলেন। তার সঙ্গে আরো ৫ জন ছিল। ঢাকা থেকে আসার পর ওই ৬ জনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এদের মধ্যে মিজানের পজিটিভ আসলে তিনি শ্বশুর বাড়ি আত্মগোপন করেন। পরে তাকে উপজেলা প্রশাসন ধরে এনে পাথরঘাটা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দিচ্ছে। দুইদিন পরে মিজানের শ্বশুর নজরুলের উপসর্গ দেখা দিলে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির নমুনা পরীক্ষা করা হয়। তাদের তিনজনেরই ফলাফল পজিটিভ আসে।
নজরুল ইসলামের শ্যালক বেলায়েত হোসেন জানান, দ্বিতীয়বার উপসর্গ পরীক্ষায় নজরুলের ফলাফল নেগেটিভ আসলেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। গত তিনদিন ধরে শ্বাসকষ্ট ও কাশি বৃদ্ধি পায়। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
- বিষয় :
- বরগুনা
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু