খুলনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৮:৩৯
খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশের অবসরপ্রাপ্ত এস আই আবুল হোসেন (৭০) মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আবুল হোসেন রোববার বিকালে হাসাতালে ভর্তি হন। সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তিনি নগরীর খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
ডা. মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে খুলনায় করোনার উপসর্গ নিয়ে মোট ৪২ জনের মৃত্যু হলো।
- বিষয় :
- খুলনা
- করোনাভাইরাস
- করোনার উপসর্গে মৃত্যু