গোদাগাড়ীতে আনসার আল-ইসলামের ৪ সদস্য আটক
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৯:০৬
রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুর ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাথানবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- জামালপুর জেলার সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের সবুর আলীর ছেলে সুমন (২৪), বগুড়ার শাহজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রহমান (২১), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় খান পারভেজ (২৪) এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার শেখেরতালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, আটকেরা গোদাগাড়ীর পরিত্যক্ত একটি বাথানবাড়িতে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
- বিষয় :
- রাজশাহী
- আটক
- আনসার আল-ইসলাম