সিদ্ধিরগঞ্জে ইমামের কাছে ৩৭ লাখ টাকা চাঁদা দাবি, মারধরের অভিযোগ
প্রতীকী ছবি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৯:৩২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফকির বাড়ি জামে মসজিদের খতিব ও ইমামের কাছে ‘মোটা অংকের’ চাঁদা চেয়ে না পেয়ে খতিব ও ইমামের বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার আটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ইমাম মুফতী শাহআহম্মদ উল্ল্যাহ।
অভিযুক্তরা হলেন- আটিগ্রামের মৃত দাইমুদ্দিনের ছেলে জহিরুল, জাহাঙ্গীর ও আদমজী চর শিমুলপাড়ার ইসমাইলের ছেলে মেরাজ হোসেন টিপু।
ঘটনার বিবরণে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আটি মৌজায় ৬ শতাংশ ৮৯ অযুতাংশ একটি জমি সিটি ব্যাংক গুলশান শাখা নিলামের মাধ্যমে গত ১০ জুন বিক্রয় করেন ইমাম মুফতী শাহআহম্মদ উল্ল্যাহর বাবা ড. শহিদুল্লাহ ও মা বেগম আসমা শহীদের কাছে। ক্রয়কৃত বাড়িটি ব্যাংক বুঝিয়ে দেয়। কিন্তু জহিরুল, জাহাঙ্গীর ও টিপু বাড়ি ক্রয়কারী ইমাম শাহআহম্মদ উল্ল্যাহর কাছে ৩৭ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিয়ে বাড়িতে প্রবেশ করলে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয় জাহাঙ্গীর। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম শাহআহম্মদ উল্ল্যাহ সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে রোববার দুপুরে জহিরুলসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ইমামের উপর ক্ষিপ্ত হয়ে অতির্কিতভাবে হামলা চালিয়ে ইমাম ও তার বাবাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চাঁদাবাজদের কবল থেকে তাদের রক্ষা করে এবং চাঁদাবাজদের গণধোলাই দেয়।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোমেন জানায়, যারা ইমামের কাছে টাকা দাবি করেছেন তা অবৈধ, তারা তার কাছে কোন টাকা পাবে না। তিনি আরও বলেন, অবৈধভাবে টাকা দাবিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।