আগুনে পুড়ে গেল দুই কৃষকের স্বপ্নের খামার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০০:৪৩
নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষকের স্বপ্নের দুটি পশুর খামার পুড়ে গেছে। রোববার রাতে সদর উপজেলার রাজাপুর কামার দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- হক মিয়া ও আব্দুর রহিম । কৃষকদের দাবি, আগুনে তাদের ৪ টি গরু, ২ টি ছাগল , ১টি ইজিবাইক ও ২টি ঘরসহ প্রায় ১৩ লাখ টাকার ওপরে মালপত্র পুড়ে গেছে।
নাটোরের ফায়ার স্টেশন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার রাত ১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কৃষক হক মিয়া ও আব্দুর রহিমের দু’টি খামারে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় ওই দুই খামারের ৬ টি গবাদি পশু। এছাড়া ঘরের মুল্যবান মালপত্রও পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা (ডিএডি) আসাদুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- নাটোর
- আগুনে পুড়ে গেল
- স্বপ্নের খামার