ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কামরানের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

কামরানের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক
×

বদর উদ্দিন আহমেদ কামরান - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০০:৫৭ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৩:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে সমাজের বিশিষ্টজনেরা শোক বার্তা দিয়েছেন।

জাতীয় সংসদের স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শোক বার্তা

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পররাষ্ট্রমন্ত্রীর শোক বার্তা

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবদুল মোমেন বলেন, ‘জনমানুষের নেতা বদরউদ্দিন আহমদ কামরান পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা ও অভিভাবক। তিনি সিলেটের মানুষের সুখে-দুঃখে সবার আগে থাকতেন। তিনি সব সময় দরিদ্র মানুষের সমস্যা নিয়ে এগিয়ে আসতেন।’

সিলেটের সব আন্দোলন সংগ্রামে কামরান একজন সম্মুখ যোদ্ধা ছিলেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে তিনি রেখেছেন অসামান্য অবদান। তার মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক একজন লড়াকু নেতাকে আমরা হারালাম এবং সিলেটের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’

তথ্যমন্ত্রীর শোক বার্তা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শোক বার্তায় বলেন, ‘তার মৃত্যুতে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটলো। সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্ণধার হিসেবে তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন।’

বাণিজ্যমন্ত্রীর শোক বার্তা

বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তার মত এক গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’

তথ্য প্রতিমন্ত্রীর শোক বার্তা  

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ বলেন, ‘হযরত শাহজালাল এর পূণ্যভূমি সিলেটের উন্নয়নে, জনসেবা আর মানবিকতার যে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন সে জন্য মানুষের হৃদয়ে বদর উদ্দিন কামরান বেঁচে থাকবেন অনন্তকাল।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক বার্তা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘পরিশ্রমী রাজনীতিবিদ হিসেবে বদর উদ্দিন আহমদ কামরান সর্বত্র সমাদৃত ছিলেন। সিলেট শহরের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।’

এছাড়া বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×