আদমদীঘিতে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা রক্ষীর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০২:০৫ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০২:২০
বগুড়ার আদমদীঘিতে করোনা উপসর্গ নিয়ে নিজাম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিজাম আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের খয়বর আলীর ছেলে।
নিজামের ভাই ফারুক হোসেন জানান, নিজাম উদ্দীন ঢাকার শ্যামলী এলাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষীর চাকরি করতেন। সেখানে স্ত্রীকে নিয়ে থাকতেন। গত কয়েকদিন যাবত তার জ্বর, কাশিসহ নানা উপসর্গ দেখা দিলে নিজাম ও তার স্ত্রী রোববার ঢাকা থেকে নিজ বাড়ি আসেন। সোমবার ভোরে নিজামের মৃত্যু হয়।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি অনসুরণ করে দাফনের ব্যবস্থা করে। মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সবার নমুনা সংগ্রহসহ ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, বিষয়টি জানার পর সেখানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
- বিষয় :
- বগুড়া
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব