ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৪:০১
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাণ্ডারিয়ায় মোট ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বারেক হাওলাদার (৬০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুচ্ছগ্রাম আশ্রয়নে ওই বৃদ্ধ মারা যান। তিনি গত চারদিন ধরে সর্দি-জ্বরে ভূগছিলেন।
এর আগে, রোববার দুপুরে গৌতম মণ্ডল (৫০) নামে এ পান ব্যবসায়ীর মৃত্যু হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, সবজি বিক্রেতা বারেক হাওলাদার গত চারদিন আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন। তিনদিন আগে তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়। সে পরামর্শ উপেক্ষা করে শনিবার ওই বৃদ্ধ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে যান। সেখানে চিকিৎসক তাকে করোনা ইউনিটে ভর্তির নির্দেশনা দিয়ে ভর্তির যাবতীয় কাগজপত্র দেন । কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। রোববার রাতে তার মৃত্যু হয়। রাতে তার করোনা পরীক্ষার জন্য চিকিৎসক নমুনা সংগ্রহ করে। রাতেই প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ সংলগ্ন পৌর কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
তিনি আরও জানান, ভাণ্ডারিয়ায় এ পর্যন্ত ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন যাদের ১৬জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- পিরোজপুর
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব