কুলিয়ারচরে করোনায় নতুন আক্রান্ত ২২ জনের ১৬ জনই পুলিশ
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৫:৪৫
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন করে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এইসব নমুনা পরীক্ষা শেষে এ রিপোর্ট দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু এবং কুলিয়ারচর থানার ওসি মো. আব্দুল হাই তালুকদার।
তিনি জানান, উপজেলা থেকে গত ৮ ও ৯ জুন দেওয়া নমুনা রিপোর্ট আজ প্রকাশ হয়। এতে জানা যায়, একজন নারী সাংবাদিক ও ১৬ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে এ পর্যন্ত ৪১৩টি স্যাম্পল দেওয়ার মধ্যে মোট ৫৯ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কুলিয়ারচর থানার ২০ জন পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনও অফিসের অফিস সহকারী, ইউএনও’র গাড়িচালক, ব্যাংক কর্মচারী ও শিশুসহ নারী-পুরুষ রয়েছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- কুলিয়ারচর
- করোনাভাইরাস