আলফাডাঙ্গায় চাল আত্মসাৎ, চেয়ারম্যান-সচিবকে ২ লাখ টাকা জরিমানা
চেয়ারম্যান হাদী হুমাউন কবির বাবু- ফাইল ছবি
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০০:১১ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০০:৩৪
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান এবং ওই পরিষদের সচিবকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমাউন কবির বাবু ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান।
জানা যায়, ঘূণিঝড় আম্পানের জন্য বানা ইউনিয়ন পরিষদে ১ টন চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ছয় বস্তা ১৮০ কেজি চাল আত্মসাৎ করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন দোকানের সামনে থেকে ছয় বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান। সেই সাথে আটক করা হয় ভ্যানচালক এরশাদ মোল্লাকে। ভ্যানচালকের স্বীকাররোক্তি মোতাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান ও সচিবকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে মঙ্গলবার রাতে দুই লাখ টাকা জরিমানা করা হয় চেয়ারম্যান-সচিবকে। এ সময় ভ্যানচালক এরশাদ মোল্ল্যাকে গরিব ও অসহায় হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান।