ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

নওগাঁয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০১:২৫ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৩:০৩

নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে সাপাহার আদাতলা সীমান্ত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল বারী সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুল বারীসহ একদল চোরাকারবারি পূর্নভবা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় বিএসএফ সদস্যরা বুঝতে পেরে তাদেরকে তাড়া করেন। অন্যরা পালিয়ে আসতে পারলেও আব্দুল বারী ফিরতে পারেননি। তাকে ধরে নির্যাতনের পর পুর্নভবা নদীর তীরে তারকাটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেয় বিএসএফ। বুধবার ভোরে তার মরদেহ কাটাতারের বেড়ার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৫ জুন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সুভাস রায় নামে এক বাংলাদেশি নিহত হন। তার মরদেহ এখন পর্যন্ত ফেরত দেয়নি বিএসএফ।

আরও পড়ুন

×