বিয়ানীবাজারে আরও ৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৩:০৯
বিয়ানীবাজারে নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সকালে ঢাকা ল্যাব থেকে এসব ফলাফল আসার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
ডাক্তার মোয়াজ্জেম জানান, আক্রান্তদের নমুনা গত ৫ জুন ও ৬ জুন নেওয়া হয়। আজ ১৭ জুন সকালে তাদের করোনা পজেটিভ হওয়ার প্রতিবেদন নির্ধারিত ইমেইলের মাধ্যমে পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
নতুন আক্রান্তরা হচ্ছেন- বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের আফজাল হোসেন (২১), পৌরশহরের দক্ষিণ বাজারের সামাদ বক্স (৩৫), বিয়ানীবাজার সরকারী কলেজের নির্মাণ শ্রমিক ফরহাদ আলী (৫০), খাসার শেখ মো. আবুল কাশেম ও শেওলা ইউনিয়নের শেওলা গ্রামের ফরিদুল ইসলাম (২৬)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন ৫ জন করোনা পজেটিভ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। এর মধ্যে মারা গেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ১১ জন।
তিনি বলেন, প্রথম করোনা শনাক্ত হয়েছিলেন ২৪ এপ্রিল টাঙ্গাইল জেলা থেকে আসা এক জুয়েলার্সের কারিগর। তবে ৩ জুন থেকে করোনা পজেটিভ হওয়া রোগী সংখ্যা সারা দেশের তুলনায় বিয়ানীবাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ১৪ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে চারজনই পৌরসভায় বসবাস করেন। তাদের নমুনা ঢাকার পিসিআর ল্যাবে চলে যাওয়ায় ফলাফল আসতে কিছুটা দেরি হয়েছে। তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশনের কারণে সারা দেশের সাথে বিয়ানীবাজারেও করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মোট আক্রান্তের ৭০ ভাগ পৌরসভার অধিবাসী। যার কারণে পৌরসভার আক্রান্ত এলাকা রেড জোনের রাখার প্রস্তবনা পাঠানো হয়েছে। ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত চলে আসবে।