কুলাউড়ায় ১২ দিনেও আসেনি ১৮০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০২:৩৪
কুলাউড়া উপজেলা থেকে নমুনা পাঠানোর ১২ দিনেও করোনাভাইরাস পরীক্ষার কোনো রিপোর্ট আসেনি। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় এ নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মাঝে। ১২ দিনেও নমুনার রিপোর্ট না আসায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ৮ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহভাজন ১৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার শেরে বাংলা নগরে ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারে পাঠানো হয়েছে। কিন্তু শুক্রবার (১৯ জুন) পর্যন্ত এসব পরীক্ষার রিপোর্ট আসেনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কুলাউড়া উপজেলা থেকে ঢাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানোর ১২ দিনেও রিপোর্ট না আসায় অনেকে ইচ্ছেমত ঘুরে বেড়াচ্ছেন। কে করোনা রোগী আর কে সুস্থ তা টেস্ট ছাড়া ধারণা করা কঠিন।
তিনি আরও জানান, কুলাউড়া উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার করোনাভাইরাস পরীক্ষার ল্যাব না থাকায় এ জেলার সংগৃহিত সব নমুনা ঢাকার শেরে বাংলা নগরের ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারে পাঠানো হয়।
- বিষয় :
- কুলাউড়া
- করোনাভাইরাস