সখীপুরে শ্বাসকষ্টে মারা যাওয়া পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত ছিলেন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৩:০১
টাঙ্গাইলের সখীপুরে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সেই পোশাক শ্রমিক (৩৫) আবদুল হালিম করোনায় আক্রান্ত ছিলেন। মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
হালিম উপজেলার হাতীবান্ধা গ্রামের আবু হানিফের ছেলে। হালিম এ উপজেলায় করোনায় আক্রান্ত প্রথম মৃত ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান এসব তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া আবদুল হালিমের ১১ জুন নমুনা সংগ্রহ করে ১২ জুন সকালে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। সখীপুরে এ পর্যন্ত ৪৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৪০ জনের নমুনা ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১৫ জনের মধ্যে পোশাককর্মী আবদুল হালিম আক্রান্ত হয়ে সখীপুরে প্রথম মারা গেলেন। ইতিমধ্যে ৮ জন বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন।