ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পটুয়াখালীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে আরও ২০ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৪:২৯

পটুয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে। 

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ১১ জন মারা গেছেন। ২২৪ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন এবং  আইসোলেশনে রয়েছেন ১৬৭ জন। 

পটুয়াখালীর সিভিল সার্জন দপ্তর সূত্রের হিসাব মতে, গত ৮ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত ৯৬ দিনে এ জেলায় মোট করোনায় আক্রান্তদের সংখ্যা ছিল ১১৪ জনে। কিন্তু ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত মাত্র ৭ দিনের (এক সপ্তাহ) ব্যবধানে করোনা আক্রান্তদের সংখ্যা দাড়িয়েছে ২২৪ জনে। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ১১০ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। 

পটুয়াখালীর পৌরসভার পাঁচটি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন পৌর ও ইউনিয়নের ১৭টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।বৃহস্পতিবার থেকে লকডাউন করার ঘোষণাও দেওয়া হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগের দিন হঠাৎ করে লকডাউন কার্যক্রম স্থগিত করেন। 

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, আগের চেয়ে নমুনা পরীক্ষা (টেস্ট) বাড়ছে। এ কারণে করোনার আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরীক্ষা যত বেশি হবে, আক্রান্তের সংখ্যা ততই বাড়বে। তবে, সবাই যদি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিজের সুরক্ষার জন্য বাসায় থেকে যথাযথ নিয়ম মেনে চলে তাহলে করোনায় ভয়ের কিছু নেই।

জেলা প্রেশাসক মো. মতিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ওয়ার্ডভিত্তিক যে লকডাউন হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। এখন মহল্লাভিত্তিক লকডাউন করার পরিকল্পনা চলছে এবং এ বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন করা হবে।      


আরও পড়ুন

×