চট্টগ্রামে ঘুষের মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৭:৫৫
নিজ কক্ষে বসে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার বাঁশখালী উপজেলার ভূমি উপ-সহকারি কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালত এ আদেশ দেন।
সিদ্দিকীর আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু সাংবাদিকদের বলেন, ভূমি কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকীকে ঘুষ গ্রহণের ঘটনায় গ্রেফতার করে আদালতে উপস্থাপন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ। এর আগে নুরুল আলম সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন।
গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় বাঁশখালীর কোকদন্ডী ভূমি অফিস থেকে নুরুল আলম সিদ্দিকীকে ঘুষের ১৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদক। এসময় তার ব্যবহৃত ড্রয়ার থেকে ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদক চট্টগ্রাম-১ এর উপ-সহকারি পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করেন।
- বিষয় :
- চট্টগ্রাম