বগুড়ায় আরও ৪৪ জন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০১:৪০
বগুড়ায় আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোববার সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সকাল ১১টায় অনলাইনে ব্রিফিংয়ে ২৭ জুনের করা নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে ২৭ জুন ২৭০টি নমুনা পরীক্ষায় ১৬ দশমিক ২৯ শতাংশ বা ৪৪টি পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে ওই দিন পর্যন্ত এ জেলায় মোট ২ হাজার ৭১৩ জন আক্রান্ত হলেন।’
ব্রিফিংয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩০ জন সুস্থ হয়েছেন। ফলে সুস্থতার সংখ্যা বেড়ে ৩৫২ জনে দাঁড়িয়েছে। তবে ২৬ জুন থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৭ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩২ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৮২টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১২টি।
নতুন করে আক্রান্ত ৪৪ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ১৩ জন নারী এবং বাদবাকি ২ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২২ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৯ জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শজিমেক ও টিএমসি পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৪ জনের মধ্যে ২৩ জন সদরের বাসিন্দা। এছাড়া শেরপুরের ৮ জন, শাজাহানপুরের ৪ জন, ধুনটের ৬ জন, আদমদীঘির ২ জন এবং দুপচাঁচিয়ার একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
- বিষয় :
- বগুড়া
- করোনাভাইরাস