বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৩২
| প্রিন্ট সংস্করণ
সিলেটের পশ্চিম পীরমহল্লায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি, সরকারি রাস্তা দিয়ে চলাচলে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ফাতেমা জান্নাত বাবলি।
ফাতেমা বলেন, ‘আমার দুই প্রবাসী ভাই ফারুক ইবনে আম্বিয়া আলমগীর ও আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়ার কষ্টার্জিত অর্থে কেনা জমিতে নির্মিত পশ্চিম পীরমহল্লার ‘ঐকতান-১২৫’ নম্বর তিনতলা ভবনে আমি দুই সন্তান নিয়ে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী হুমায়ুন বখত ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের হয়রানি করে আসছেন।’ তাঁর অভিযোগ, হুমায়ুন বখত প্রথমে ১০ লাখ এবং পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাসার মূল প্রবেশপথে ময়লা-আবর্জনা, মলমূত্র ও ভাঙা ইট ফেলে চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে। এমনকি পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করতে এলে তাদেরও বাধা দেওয়া হয়।
ফাতেমা জান্নাত বাবলি জানান, গত ১০ ফেব্রুয়ারি তাঁর বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনকে যাতায়াতেও বাধা সৃষ্টি করা হয়। পরে বাসার প্রবেশমুখে দুই ফুট উঁচু দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধের চেষ্টা করা হলে তারা আদালতের শরণাপন্ন হন। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না।
তাঁর ভাষ্য, গত ১ জুলাই বাসার গৃহকর্মী রাস্তার আবর্জনা পরিষ্কার করতে গেলে হুমায়ুন বখত ও তাঁর পরিবারের সদস্যরা হামলার চেষ্টা করেন। এ ছাড়া তাঁর বোনের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ না করায় আদালতে মামলা করা হয়েছে। একইভাবে চাঁদাবাজির অভিযোগেও একটি মামলা বর্তমানে বিচারাধীন।
ফাতেমা জান্নাত বাবলি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হুমায়ুন বখত। তিনি বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি কিংবা সরকারি রাস্তা দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নই।
- বিষয় :
- বিএনপি