বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০২:২০
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (৫৪) নামে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান। মৃত রবিউল ইসলামে জেলার দুপচাঁচিয়া উপজেলার মাঝিহট্ট এলাকার বাসিন্দা ছিলেন।
ওই হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনায় আক্রান্ত হয়ে রবিউল ইসলাম গত ২১জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রবিউল ইসলামের মেয়ের জামাই আতিকুর রহমান জানান, তার শ্বশুর ডায়াবেটিসের রোগী ছিলেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে গত ১৭জুন তার করোনা পরীক্ষা করা হয়। পরদিন তার করোনা পজিটিভ ফল আসে। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২১জুন তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান।