কিশোরগঞ্জে করোনায় আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৭৪
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০২:২৭
কিশোরগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। এর মধ্যে ভৈরব উপজেলার অবস্থা জেলার মধ্যে সবচেয়ে নাজুক। এরপরই রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। রোববার সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে কিশোরগঞ্জ সদর উপজেলায় নতুন করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই পাঁচজনের মধ্যেএক নারী মারা গেছেন। এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৭৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন। মারা গেছেন ৫ জন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ মারা যাওয়া নারীর নাম খাদিজা আক্তার (৩০)। তিনি গত ১৯ জুন বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামের পিত্রালয়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পর করোনাভাইরাস সন্দেহে ওই দিনই তার নমুনা সংগ্রহ করেছিল সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। করোনায় মারা যাওয়া খাদিজা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামের মুজিবুর রহমানের কন্যা। তার স্বামীর বাড়ি করিমগঞ্জে। খাদিজা আক্তার স্বামী এবং দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে দিন গত ১৪ জুন বাবার বাড়ি যশোদলের ভাবুন্দিয়া গ্রামে আসেন। সেখানেই করোনা উপসর্গ নিয়ে গত ১৯ জুন বিকাল ৪টার দিকে খাদিজা মারা যান।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- করোনাভাইরাস