ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক গ্রেপ্তার

চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক গ্রেপ্তার
×

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৩:৫০

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফার্মেসি থেকে টাকা চুরির অভিযোগে জিসান (১১) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে।

মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, মামুনের উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসিতে কাজ করেন। শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে মারধর করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে উদ্ধার ও মামুনকে আটক করে।

জিসানের বাবা খলিলুর রহমান জানান, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করা হয়।

শিশু জিসান দাবি করেছে, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন।

অভিযুক্ত দোকানি মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। পরে দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই। তিনি শিশু জিসানের কাছে জানতে চাইলে সে টাকা চুরির কথা স্বীকার করে। এছাড়া জিসানকে হাত-পা বেঁধে নির্যাতনের বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল জানান, এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×