যশোরে স্ত্রীর উত্ত্যক্তকারীকে খুনের অভিযোগ
যশোর অফিস
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৯:১৯
স্ত্রীকে উত্ত্যক্ত করায় মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
রোববার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাইক্রোচালক মোহাম্মদ রিপন (৩০) স্থানীয় বাঘারপাড়া পৌর মাইক্রোস্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি উপজেলার মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
এই ঘটনায় অভিযুক্ত বরকত যুবলীগের যশোর শহর শাখার এক নম্বর ওয়ার্ড কমিটির আহবায়ক। তিনি যশোরের শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটন বাহিনির সেকেন্ড ইন কমান্ড সাইদুর রহমান রিপন ওরফে ডিম রিপনের প্রধান সহযোগী। তিনি আলোচিত এ বাহিনির মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট পরিচালনার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, খুনের ঘটনায় ব্যবহৃত চাকুসহ সন্ত্রাসী বরকতকে আটক করা হয়েছে। তিনি যশোর শহরের মোল্লাপাড়ার মাহফুজুর রহমানের ছেলে।
এদিকে যুবলীগের যশোর শহর শাখার আহবায়ক মাহমুদুল হাসান মিলু বলেন, খুনের ঘটনায় অভিযুক্ত বরকত সংগঠনের নেতা হলেও তার অপরাধ কর্মকাণ্ডে দায়ভার সংগঠন নেবে না। বরং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, স্ত্রী পিংকিকে সাথে নিয়ে বরকত রোববার বেলা ৩টার দিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল গেট সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে তাদেরকে লক্ষ্য তার স্ত্রীকে উত্ত্যক্ত করেন রিপন।
পুলিশ জানায়, এতে ক্ষুব্ধ হয়ে বরকত তার কোমরে থাকা চাকু বের করে রিপনের বুকে আঘাত করে। রিপন গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- যশোর