হোমনার ইউএনও করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৯:৩১
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউএনও ছাড়াও তার সরকারি গাড়িচালক, পিয়ন, নাইটগার্ডসহ নতুন মোট ২০ জনের করোনা পজিটিভ এসেছে।
এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। ইউএনও তাপ্তি চাকমা উপজেলায় তার সরকারি বাসভবনে ও বাকিরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। রোববার ইউএনও তাপ্তি চাকমা বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও জানান, বাসায় তার দুই বছরের ছেলে, স্বামী, শাশুড়ি ও কাজের মেয়ে রয়েছে। রোববার কভিড-১৯ পরীক্ষার জন্য তাদেরও নমুনা দেওয়া হয়েছে।
ইউএনও তাপ্তি চাকমা বলেন, 'গত ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইটগার্ডের নমুনা পরীক্ষা করাই। আজ (রোববার) রিপোর্ট হাতে পেয়েছি। করোনা পজিটিভ এলেও আমার তেমন কোনো উপসর্গ নেই। শুধু হালকা গলাব্যথা আছে। তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। বাসায় বসেই ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছি।'
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- হোমনা
- ইউএনও আক্রান্ত