তাড়াশে ২ মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০১:৩৯
সিরাজগঞ্জের তাড়াশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই ব্যক্তি আহত হয়েছে।
রুবেল হোসেন বগুড়া হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তিনি তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সদস্য রুবেল হোসেন ছুটিতে বাড়িতে এসে সকালে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আবাসিক চিকিৎসক ডা. শাহনাজ পারভীন মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- তাড়াশ