ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের তারিখ পেছানোর দাবি বিএনপি প্রার্থীর

বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের তারিখ পেছানোর দাবি বিএনপি প্রার্থীর
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৮:৫৩

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী একে আহসানুল তৈয়ব জাকির। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লেখা বিএনপি মহাসচিবের চিঠির একটি অনুলিপি দলের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয়  রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহের কাছে আহসানুল তৈয়ব জাকির এই চিঠি হস্তান্তর করেন। এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আবুল কাশেম ও সোনাতলা উপজেলা বিএনপির আহ্বায়ক একেএকে আহসান হাবিব রাজা উপস্থিত ছিলেন।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান চলতি বছরের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা  হয়। এরপর ওই আসনে ২৯ মার্চ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৯ জন প্রার্থীতা দাখিল করেন। তবে দু’জনের মানোনয়ন বাতিল হওয়ার পর ৭ জনের প্রার্থীতা চুড়ান্ত বলে ঘোষণা করা হয়। এরা হলেন- আওয়ামী লীগের সাহাদারা মান্নান, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পাটির মোকছেদুল আলম, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, এনপিপির আব্দুল হাই মন্ডল, পিডিপির মো. রনি ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমাতুল্লাহ ইন্তাজ।

অবশ্য ওই ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান ও বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির বেশ জোরে-শোরে নির্বাচনী প্রচারে নেমে পড়েন। কিন্তু গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর জনগণের দাবির মুখে উপ-নির্বাচন স্থগিত করা হয়। এরপর ক’দিন আগে নির্বাচন কমিশন থেকে ১৪ জুলাই ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি বগুড়া-১ আসনভুক্ত সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ায় বিএনপি গত ৫ জুলাই ওই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

মঙ্গলবার দুপুরে বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি মহাসচিবের লেখা চিঠি হস্তান্তরের পর দলটির মনোনীত প্রার্থী একেএমে আহসানুল তৈয়ব জাকির সাংবাদিকদের বলেন, ‌‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় সারিয়াকান্দি ও সোনাতলার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে বন্যার পানি বাড়ি-ঘরে ঢুকে পড়ায় লোকজনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। তাছাড়া অনেক ভোট কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। তাই এমন পরিস্থিতিতে ভোট গ্রহণ করা উচিত হবে না বলেই বিএনপি তা বর্জন করেছে।’

তিনি বলেন, ‘করোনার সংক্রমণ না কমা পর্যন্ত ভোট গ্রহণ নিরাপদ নয় বলেই সাধারণ মানুষ মনে করে। জনগণের সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরাও বলতে চাই- করোনার সংক্রমণ কমল এবং বন্যা পরিস্থিতির উন্নতি হলে ভোট গ্রহণ করা হলে বিএনপি তাতে অংশ নিবে। এ জন্য আমরা ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবি জানিয়েছি।’

বগুড়া-১ আসনে উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপালনকারী জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ জানান, বিএনপি প্রার্থীর দেওয়া চিঠিটি তারা গ্রহণ করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘চিঠিটি সিইসি স্যারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিবের লেখা। আমরা সেটি ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

আরও পড়ুন

×