সালথায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলা, বাদীকে হুমকি
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০২:১৮
ফরিদপুরের সালথায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় থানায় মামলা দায়ের করায় বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার বাদী পারভেজ বুধবার সালথা থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
থানায় দাখিলকৃত ওই জিডিতে পারভেজ অভিযোগ করেন, আসামীর স্বজনরা মুরাদ শেখ (৪৫), হানিফ মুন্সি (৫০) ও লুৎফর মুন্সি (৪০) তাকে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ওই মামলা তুলে না নিলে যেকোন ক্ষতি করে দিবে বলে হুমকি দেয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সাধারণ ডায়রী দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য ,গত ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশু শিক্ষার্থী মাঠে খেলা করছিল। এসময় কানাইড় গ্রামের কুদ্দুস শেখের পুত্র বিদ্যালয়ের দপ্তরী সুজন শেখ (২৪) ও তার বন্ধু তেগাতিয়া গ্রামের মতিন খলিফার ছেলে সোহাগ খলিফা (১৮) শিশুটিকে ফুসলিয়ে বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে দুইজনই পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ীতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সালথা থানা পুলিশ রাতেই দুইজনকে গ্রেফতার করে। পরদিন সকালে শিশুটির চাচা বাদী হয়ে দুই জনকে আসামী করে সালথা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিপূণ মজুমদার জানান, শিশুটির জবানবন্দী রেকর্ড করেছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে মামলার সাথে আসামীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।