ফরিদপুরে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের রেজিষ্ট্রেশন শুরু
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৩:১৩
স্বেচ্ছাসেবী সংগঠন 'ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন' এর উদ্যোগে ১১ নভেম্বর থেকে ফরিদপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১৫তম প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ ফরিদপুরের সহযোগিতায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ নভেম্বর থেকে নাম রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। ওয়েল ফেয়ার ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত দেশের যে কোন স্থানের মানুষ পোড়া জনিত জটিলতা, ঠোঁট কাটা, তালু কাটা সমস্যা নিয়ে এ ক্যাম্পে সেবা নিতে নাম রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
চূড়ান্ত তালিকার পর হল্যান্ডের প্রখ্যাত চিকিৎসক দল প্লাস্টিক সার্জারির অপারেশন করবেন। চিকিৎসার সমস্ত ব্যয় আয়োজক সংগঠন বহন করবে। দূর দূরান্তের রোগীদের সেবা সহায়তায় ০১৭৪০-৯০২৬২৭ নাম্বার মোবাইল ফোনে নাম রেজিষ্ট্রেশন করা যাবে। এ ব্যাপারে সকাল থেকে দুপুর ২টার মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করতে হবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি শামীম হক বলেন, ‘অসহায়দের সহায়তা করতে ১৫ বছর ধরে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। আশা করছি, প্রতি বছরেরর মত এবারও আড়াইশ থেকে তিনশ বাছাই করা জটিল রোগীকে বিনামূল্যে আপারেশনের মাধ্যমে আমরা সুস্থ করে তুলতে পারবো।’