ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে আ'লীগের সম্মেলন পণ্ড, অস্ত্রসহ গ্রেফতার ৫

সীতাকুণ্ডে আ'লীগের সম্মেলন পণ্ড, অস্ত্রসহ গ্রেফতার ৫
×

সম্মেলনে হামলার ঘটনা ঘটে- সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৯:৪৪ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১০:০৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সম্মেলন পণ্ড হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে। আটককৃতরা হলো- আবদুর নুর বাবু, মিজান, টিপু, রেজওয়ান ও হেলাল। তারা সবাই ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মুসলিমের পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ ২ নম্বর ওয়ার্ডের সম্মেলন ছিল শনিবার স্থানীয় জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সম্মেলন শুরুর সময় একটি মাইক্রোবাসে ৮-১০ জনের একটি গ্রুপ অস্ত্র উঁচিয়ে সম্মেলনে দিকে আসার চেষ্টা করলে সাধারণ সম্পাদক প্রার্থী রনির লোকজন প্রতিরোধ গড়ে তোলে। খবর দেওয়া হয় সীতাকুণ্ড থানা পুলিশকে। 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচ অস্ত্রধারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ওয়ার্ডে একক সভাপতি প্রার্থী ছিলেন নাঈম। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন সাইফুল ইসলাম রনি ও মুসলিম।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সম্মেলনে হামলা করতে আসে। কিন্তু স্থানীয় জনতা তা প্রতিরোধ করে সন্ত্রাসীদের আটক করে পুলিশে দিয়েছে। তবে অন্য প্রার্থী মো. মুসলিম বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, অস্ত্রধারীরা যখন ঘটনাস্থলে আসে, তখন আমরা ওই ওয়ার্ডে সাধারণ সম্পাদক নির্ধারণে সমঝোতা বৈঠকে ছিলাম। কারা কেন এ অস্ত্রধারীকে ভাড়াটিয়া হিসেবে এনেছে তা আমার জানা নেই। তবে বিষয়টি খুবই দুঃখজনক।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, একটি পিস্তলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহূত মাইক্রোটি জব্দ করাসহ ঘটনাস্থল থেকে জাহাজের চারটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×