সড়কে একসঙ্গে প্রাণ গেল ৩ ব্যবসায়ীর, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
প্রাতীকী ছবি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৮:৫৭
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৩ সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার কাজির কোনা গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে শাহবুদ্দিন (৪২), একই উপজেলার বারাগাঁও গ্রামের আর্শাদ বেপারীর ছেলে স্বপন মিয়া (৫৯) ও সবজিকান্দি গ্রামের সোনা মিয়া বেপারীর ছেলে সেলিম (৫০)।
আহত ৫ জনকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। তারা হলেন- নুরু ইসলাম, সামছু মিয়া, হযরত আলী, লিটন ও নূর মোহাম্মদ।
দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই মোস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের কুমিল্লার খাদঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় দাউদকান্দির ৩ ব্যবসায়ী নিহত হয়েছেন। সবজি ব্যবসায়ীরা দাউদকান্দি থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-৫৪-০০৮৬) নিয়ে কুমিল্লার নিমসার কাঁচা বাজারে যাওয়ারে পথে পেছন থেকে অজ্ঞাত একটি কন্টেইনার পিকআপ ধাক্কা দিলে তাদের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ১ জন ও ঢাকা নেওয়ার পথে ২ জন নিহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।