কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৯:১৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সোমবার রাতে সেলিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠু, বিল্লাল ও মোজাম্মেল হোসেন। এ ঘটনায় নিহতের মা ফাতেমা দেওয়ান বাদী হয়ে দুপুরে কালিয়াকৈর থানায় একটি এজহার দায়ের করেন।
নিহত সেলিনা বগুড়া জেলার সোনাতলা উপজেলার আটকোরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাত মাস আগে স্বামী এনামুলের সঙ্গে বগুড়া থেকে জীবিকার সন্ধানে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এসে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন সেলিনা। এ সময় সেলিনা পল্লীবিদ্যুৎ এলাকায় মিঠু নামে এক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনাটি এনামুল জানার পর থেকেই গত চারমাস ধরে স্ত্রীকে ছেড়ে সে ঢাকায় অবস্থান করছে বলে প্রতিবেশীরা জানান। পরে সোমবার রাতে কে বা কারা সেলিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে। মঙ্গলবার রাতেই পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের মা ফাতেমা দেওয়ান বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.শহীদুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাইজুদ্দিন মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।