ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামের সেই ম্যানোলা পাহাড় কাটায় এবার ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সেই ম্যানোলা পাহাড় কাটায় এবার ৮ লাখ টাকা জরিমানা
×

১২ জুলাই সমকালের প্রথম পাতায় সচিত্র ছবিসহ ‘সংরক্ষিত ম্যানোলা পাহাড় কেটে দোকান প্লট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ১০:০১

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যানোলা পাহাড় কাটার অপরাধে নুরুল আজিম নামে এক ব্যক্তিকে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ অর্থদণ্ড দেন। এর আগে ১২ জুলাই ম্যানোলা পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা পড়া  জহির উদ্দিন নামে এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। চার হাজার ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পায় প্রতিষ্ঠানটি।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী সমকালকে বলেন, ১২ জুলাই সমকালে প্রতিবেদন প্রকাশের পর পাহাড়ে অভিযান পরিচালনা করি। হাতেনাতে জহির উদ্দিন নামে পাহাড় কাটা প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। যার নেতৃত্বে পাহাড় কাটা হয়েছিল সেই নুরুল আজিমকে ১৪ জুলাই চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। মঙ্গলবার শুনানিতে হাজির হওয়ায় পাহাড় কাটার দায়ে তাকে আট লাখ টাকা জরিমানা করা হয়। আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। পাহাড় কাটা স্থানে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কোন ধরণের স্থাপনা তৈরি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো স্থাপনা তৈরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, ১২ জুলাই সমকালের প্রথম পাতায় সচিত্র ছবিসহ ‘সংরক্ষিত ম্যানোলা পাহাড় কেটে দোকান প্লট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তারপরই ম্যানোলা পাহাড়ে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ম্যানেজার জহির উদ্দিনকে কারাদণ্ড দেওয়ার পর এবার পাহাড় কাটার নেতৃত্ব দেওযা নুরুল আজিমকে অর্থদণ্ড দিল পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন

×