বর্ষায় ক্লিনিকে যাতায়াতে ইউএনওর বাঁশের চাটাই
তাহিরপুরে হাওরে নির্মিত কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে দেওয়া বরাদ্দে নির্মিত বাঁশের চাটাই সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০০:০১
কমিউনিটি ক্লিনিকের চারপাশে পানি থাকার কারণে চিকিৎসাসেবা নিতে পারছিলেন না তাহিরপুরের কয়েকটি গ্রামের মানুষ। এমন পরিস্থিতিতে বর্ষায় কমিউনিটি ক্লিনিকটিতে আসা-যাওয়ার জন্য বাঁশের চাটাই করা হয়েছে ইউএনওর পক্ষ থেকে।
পানিবেষ্টিত হওয়ায় ওই কমিউনিটি ক্লিনিকের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল তাহিরপুর উপজেলার বড়দলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। এই জটিলতা দূর করতে সাময়িকভাবে বাঁশের চাটাইয়ের ব্যবস্থা করা হয়েছে।
২০২২ সালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে গ্রামবাসীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে বড়দল কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়। পরিকল্পনার অভাবে বড়দল গ্রামের পশ্চিম পাশে মাটিয়ান হাওরের কিনারায় এ ক্লিনিকটি স্থাপন করা হয়। যার কারণে সেটি বছরের অর্ধেক সময় জলমগ্ন থাকে।
বর্ষা মৌসুমে মাটিয়ান হাওরে পানি প্রবেশ করার পরই স্বাস্থ্যসেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বড়দল গ্রামসহ আশপাশের গ্রামগুলো। ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে আর কেউ স্বাস্থ্যসেবা নিতে পারত না। এমনকি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরাও নিয়মিত অফিস করতে পারতেন না।
বড়দল পুরানহাটি গ্রামের উজ্জ্বল মিয়া জানান, কমিউনিটি ক্লিনিকটির চারদিকে ছয় মাস পানি থাকে। ইচ্ছা করলেই রোগী নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায় না। অনেক কষ্ট করে রোগী নিয়ে যেতে হয় তাহিরপুর সদর হাসপাতালে।
বড়দল গ্রামের ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, বর্ষাকালে ক্লিনিকে যাওয়ার মতো কোনো সড়ক না থাকায় তিনি তাহিরপুর ইউএনওর দ্বারস্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাহিদা আক্তার আঁখি বলেন, বিগত বছগুলোতে ক্লিনিকে যাতায়াতে খুবই সমস্যা হতো। সম্প্রতি ইউএনওর অফিস থেকে একটি বাঁশের চাটাই নির্মাণ করে দেওয়ায় তাদের আর কোনো সমস্যা নেই।
তাহিরপুর ইউএনও মো. আবুল হাসেম বলেন, বর্ষাকালে কয়েকটি গ্রামের লোকজন বড়দল ক্লিনিকে আসা-যাওয়া করতে পারে না। গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ক্লিনিকে যাওয়া-আসার জন্য বাঁশের চাটাই নির্মাণ করে দেওয়া হয়েছে।
- বিষয় :
- ক্লিনিক
