ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শেরপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

শেরপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু
×

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০৭:২৩

বগুড়ার শেরপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আনোয়ারুল ইসলাম (৬৭) নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি পৌরশহরের উলীপুর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের উপিস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উলীপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনরা জানান, মো. আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা রোগ ভুগছিলেন। তিন-চারদিন আগে তার শরীরের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর বগুড়ার একটি বেসরকারি হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, 'করোনা ভাইরাসে আক্রান্ত ওই মুক্তিযোদ্ধার মৃতুর খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের খবর দিই। তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় আমি নিজেও উপস্থিত ছিলাম।'

শেরপুর উপজেলায় শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। বাকিরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×