নওগাঁয় করোনা উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০৮:৪২
নওগাঁয় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় একজন মুক্তিযোদ্ধাসহ দু'জনের মৃত্যু হয়েছে। তাদের দু'জনেরই বয়স ৭০ বছরের উপরে।
তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা ওসমান গণী (৭২) ও নিয়ামতপুর উপজেলা সদরের বাসিন্দা কিন্ডারগার্টেনের শিক্ষক মো. আব্বাস আলী (৭৬)।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান জানান, মুক্তিযোদ্ধা ওসমান গণী উপজেলা প্রসাদপুর সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার তার গলাব্যথা, জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দেয়। বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা ওসমান গণীর মরদেহ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
এদিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন জানান, উপজেলা সদরের বাসিন্দা মো. আব্বাস আলী (৭৬) গত বুধবার দুপুরে জ্বর, কাশি, গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে রের্ফাড করা হয়। কিন্তু রাজশাহীতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলাকালে ওইদিন দুপুরে তিনি মারা যান। রাতেই স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।