ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই খুনের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার, মূল আসামি অধরা

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই খুনের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার, মূল আসামি অধরা
×

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই আমির হোসেন -ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৫:০১

ঘটনার একদিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই আমির হোসেন খুনের মূল নায়ক মামুনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ আবুল হোসেন (৩০) ও ইসমাইল হোসেন (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আবুল হোসেন চান্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ইসমাইল হোসেন একই এলাকার মুছা মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত ইসমাইল হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যকাণ্ডের মূল অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এএসআই আমির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় থানার এএসআই মণি শঙ্কর চাকমা বাদি হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

প্রসঙ্গত, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্কর চাকমাকে নিয়ে শুক্রবার বিকেলে অভিযানে যান এসএসআই আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরে ফেললে ধস্তাধস্তির এক পর্যায়ে আমির হোসেন ও মণি শঙ্করকে ছুরিকাঘাত করে মামুন। আশঙ্কাজনক অবস্থায় আহত আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×