'আল্লার দল'-এর দুই সদস্য গ্রেপ্তার
অভিযানে গ্রেপ্তার দুইজন- এটিইউ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৫:১৫ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০৭:৪৪
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী 'আল্লার দল'- এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিষেশায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার ভোর রাতে দিনাজপুরের কোতায়ালীতে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. আলী আকাশ (৩৬) ও মো. শাহাবুল ইসলাম ওরফে সাজু (৪০)।
অ্যান্টি টেররিজম ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আল্লার দল’র কতিপয় সদস্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশে দিনাজপুরের কোতায়ালী পৌরসভার পুলহাট কসবাস্থ সেন্ট ফিলিপস হাইস্কুলের পূর্ব দিকে আব্দুর রহমানের বাড়িতে একত্রিত হয়ে গোপন বৈঠক করছে- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, এ দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়- মো. আলী আকাশ জঙ্গি সংগঠনটির বিভাগীয় নায়ক হিসেবে গাজিপুর ও নরসিংদীর এবং শাহাবুল সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করে আসছে।
অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেপ্তার দুইজনকের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থি কাজগপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দিনাজপুরে মামলা হয়েছে।
- বিষয় :
- 'আল্লার দল'
- অ্যান্টি টেররিজম ইউনিট