ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে হত্যার ক্লু পায়নি পুলিশ

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে হত্যার ক্লু পায়নি পুলিশ
×

টাঙ্গাইলের মধুপুরে নিহত ওসমান গণির বড় মেয়ের আহাজারি -সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৫:২৩

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কি কারণে একই পরিবারের চারজনকে হত্যা করলো দুর্বৃত্তরা পুলিশ এখনও তার কোন ক্লু উদ্ধার করতে পারেনি।  এ ঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে নিহত গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। 

এদিকে শুক্রবার রাতেই  মধুপুর পৌরসভার মাস্টারবাডী এলাকার আবু তাহেরের ছেলে নিহত গনি মিয়ার শ্যালক জামাল, সালাম ও সাইফুল ইসলামকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়। মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মামলা তদন্ত করছেন মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার  হোসেন। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি তদন্ত কাছে সহযোগিতা করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, নিহত গনি মিয়ার সুদের ব্যবসা ছিল। সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ,  জমি সংক্রান্ত বিরোধ এবং কারো সাথে পূর্ব শত্রুতা ছিল কিনা আমরা তা খতিয়ে দেখছি। হয়তো বড় ধরণের কোন বিরোধ থেকে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। আমরা সব বিষয় মাথায় নিয়েই তদন্ত করছি। আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করতে পারবো। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সফিকুল ইসলাম সজিব বলেন, নিহত চারজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পল্লী বিদ্যুৎ উত্তরা আবাসিক এলাকার একটি একতলা ভবন থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের গলা কেটে ও মাথা থেতলে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- গনি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) তাদের ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।

আরও পড়ুন

×