ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: সৈয়দ ফয়সল

নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: সৈয়দ ফয়সল
×

অনুষ্ঠানে ধর্মঘরের সাতটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৮:১৪

নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ফেব্রুয়ারিতে এ দেশে নির্বাচন হবে। আর নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে তাদের মূল্যায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে জাতির জন্য সব কিছু বলা হয়েছে।

শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুর ‍উপজেলায় ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়সল এসব কথা বলেন।

সায়হাম গ্রুপের চেয়ারম্যান বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একাধিকবার হবিগঞ্জ- ৪ মাধবপুর চুনারুঘাট আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। সব সময় জনগণের পাশে আছি। 

সৈয়দ ফয়সল বলেন, ১৯৯১ সালে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে মাধবপুর থেকে ধর্মঘর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। চৌমুহনী সোনাই নদীতে বিশাল সেতু নির্মাণ করেছি। এর ফলে ধর্মঘরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। বুল্লার, খরকির ও বাঘাসুরার রাস্তা আমার হাত ধরে করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমি কিছু পাওয়ার চেষ্টা করেনি। শুধু মানুষের ভালোবাসা চেয়েছি। জনগণের অনুরোধে আগামী সংসদ নির্বাচনে আমি অংশ নিতে চাই। এবার আমাকে খালি হাতে ফেরত দেবেন না। জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই।

অনুষ্ঠানে ধর্মঘরের সাতটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন সৈয়দ ফয়সল।

 

গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ সিরাজুল হক, হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ। 
 

আরও পড়ুন

×