কুড়িগ্রামে সবুজ উৎসব অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২৩:১৩
কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সবুজ উৎসব। রোববার দুপুরে মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’-এর এ আয়োজনে শতাধিক পরিবেশপ্রেমীর অংশগ্রহণ করেন। এবারের স্লোগান ছিল ‘ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’।
গাছের চারা বিতরণ, প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতা ও গাছে পেরেক মারার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় প্রজাতির ৫০০টির বেশি নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। গ্যাটসবি ওয়ার ও রংপুর পলিটেকনিক ইন্স: পাওয়ার ১২ সালের ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নে অবদান রাখেন।
খাদিজাতুল কুবরা টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরী।
আরও উপস্থিত ছিলেন ‘অরণ্য’র উপদেষ্টা নুর আমিন, সভাপতি আ. ছোবহান জুয়েল, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জুহান, সাংগঠনিক সম্পাদক কাজী ফারুক, সদর উপজেলার সহ-সভাপতি মো. হাসান রানা, সদর উপজেলার সদস্য মো. আসাদুল্লাহ আল গালিব, সদর উপজেলার সদস্য আবু জোবায়েদ সাগর, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য আরমান সাকিব, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য নাহিদ হাসান, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য মোছা. মাধবী শেখ, কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. মোজাম্মেল হক, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য মোছা. বন্যা খাতুন, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য মোছা. আইরিন আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন এবং অরণ্যের অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান।
উৎসবে অষ্টম শ্রেণি পড়ুয়া কুমারী সুবর্ণ রানী বলেন, ‘আমরা শপথ নিয়েছি গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যকেও নিষেধ করব।’
অরণ্যের উপদেষ্টা নুর আমিন বলেন, ‘অরণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০১৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। অরণ্য’র লক্ষ্য কুড়িগ্রাম জেলার সর্বত্র বৃক্ষময় করে গড়ে তোলা। এখন পর্যন্ত সংগঠনটি থেকে প্রায় ১৩ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।’
ইউএনও সাঈদা পারভীন বলেন, ‘পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ জরুরি। অরণ্য সংগঠনটি শুধু গাছ লাগায়নি সচেতনতার বীজও বপন করেছে।’
- বিষয় :
- বৃক্ষরোপণ
